বৈরী আবহাওয়া ও বাড়তি খরচ:

ফটিকছড়িতে আমনে দুশ্চিন্তায় কৃষক

এস এম আক্কাছ

চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটলেও ধান কাটার ভরা মৌসুমে বৈরী আবহাওয়া ও কয়েক দিনের গুঁড়ি বৃষ্টিতে সেই আনন্দে ভাটা পড়েছে। তাদের মনে এখন শঙ্কা বিরাজ করছে বাড়তি খরচের।

পাকা ধান কাটতে বিলম্ব, কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়া এবং মাড়াই করা ধান শুকাতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে বাড়তি খরচের পাশাপাশি ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে রোববারের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। নিম্নাঞ্চল তলিয়ে পাকা ধানে পচন ধরেছে। কোথাও জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি, কোথাও মাড়াই করা ধান শুকানোর অপেক্ষায়। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও কৃষকেরা ফসল ঘরে তোলার চেষ্টা করছেন। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ চললেও বৃষ্টিতে ভেজা ধান শুকানো নিয়ে বিপাকে তারা।

কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়ছ ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেন।

কৃষকেরা জানান, বৃষ্টির কারণে ধান কাটা ও শুকানোর কাজ পিছিয়ে গেছে। তাছাড়া যে সব এলাকা নিম্নাঞ্চল সেসব এলাকায় ধানি জমিগুলো এখনো পানিতে ভরা। এতে সবজিরসহ পরবর্তী ফসলের আবাদেও দেরি হয়ে যাবে। এতে বাড়তি আয়ের সুযোগ হারানোর পাশাপাশি ধানেও লোকসান গুনতে হবে।

পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক মুহাম্মদ এনাম বলেন, ‘এবার ভালো ফলনের আশায় তারা বেশি জমিতে আমন চাষ করেছি। কিন্তু বৃষ্টির কারণে পাকা ধান কাটা ও কেটে রাখা ধান শুকানো নিয়ে সমস্যায় পড়েছি। কিছু জমি এখনো পানিতে নিমজ্জিত। সময়মতো জমি খালি করতে না পারলে সবজির চাষ যেমন আলু, মরিচ ও শিমের মতো আগাম রবিশস্যের আবাদ ব্যাহত হবেনা। এতে বাড়তি খবচের শঙ্কায় রয়েছি সবাই।’

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। গত কয়েকদিনের বৃষ্টি কৃষকদের অস্বস্থির পাশাপাশি শঙ্কা দেখা দিয়েছে। তারপরও তাদের পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। বৃষ্টিতে পাকা ধান কাটার কাজে কিছুটা বিলম্ব হলেও আমরা এখনো আশা দেখছি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?