রাতেই বিলুপ্ত, একদিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে বিলুপ্ত ঘোষণার মাত্র ২১ ঘণ্টার মাথায় পুনর্বহাল করা হয়েছে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। শনিবার মধ্যরাতে বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর রোববার সন্ধ্যায় কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত দেন। এর আগে শনিবার মধ্যরাতে সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে। তবে কী ধরনের সাংগঠনিক শৈথিল্যের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। একইভাবে বিলুপ্তির মাত্র ২১ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার কারণও জানানো হয়নি।

এদিকে, তৃণমূল নেতাকর্মীদের দাবি, হামলার ঘটনার দিনই সাংগঠনিক শৈথিল্যের অভিযোগ তুলে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। কিন্তু মাত্র ২১ ঘণ্টার ব্যবধানে কোনো ব্যাখ্যা ছাড়াই সেই কমিটি পুনর্বহালের ঘটনায় তাঁদের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু বলেন, দলের সব সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। গতকাল হঠাৎ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও বিনা দ্বিধায় দলের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজ আবার কমিটি পুনর্বহাল হওয়ায় আনন্দিত হয়েছি। দলের সব সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?