৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

বৈধ অস্ত্র জানুয়ারির মধ্যে থানায় জমার নির্দেশ

ডেস্ক নিউজ, ফ.প্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈধ অস্ত্র সাময়িকভাবে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দিতে হবে। রোববার এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই তফসিলের আলোকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের অনুমোদিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তাঁদের জন্য নির্ধারিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত প্রার্থীদের অনুকূলে বরাদ্দ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?