চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে ভোটগ্রহণের দিন ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। এরই মধ্যে সবার দৃষ্টি কাড়েন আশি ঊর্ধ্ব দুই বন্ধু মো. ইব্রাহিম (৮০) ও মো. ইউনুচ (৮৯)। দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন অটুট রেখে তারা একসঙ্গে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বের হয়ে তাদের মুখে ছিল আনন্দের হাসি।
তারা জানান, বয়স বেড়েছে—বাঁচব আর কদিন। ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, মনের খায়েশ মিটিয়ে ভোট দিয়েছি। শান্তি লাগছে।
এদিকে, এ আসনে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াত ও বিএনপিকে সমর্থন দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ৬ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত সরোয়ার আলমগীর (ধানের শীষ), ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আরা (হরিণ)।
৭৭৩ বর্গকিলোমিটার আয়তনের ফটিকছড়ি আসনে রয়েছে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪০টি।



