১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা প্রেসক্লাবের উপহার বিতরণ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে মডেল ফটিকছড়ি- সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে পায়- এটাই তার লক্ষ্য।

বুধবার সন্ধ্যায় বিবিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি- সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে চাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শক্তি। একসঙ্গে এগিয়ে গেলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।

প্রেসক্লাবের উদ্যোগের প্রশংসা করে সরওয়ার আলমগীর বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আপনারাই প্রমাণ করছেন – একতাই বল।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে ফটিকছড়িকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।

তিনি তার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, আমি এমন একটি ফটিকছড়ি গড়ে তুলতে চাই, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এতিম ও অসচ্ছল মানুষের মাঝে পরিমাণ ঈদ উপহার বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার (মশু), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি, ডা. বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল, নেজাম উদ্দিনসহ আরও অনেকে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?