চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির হাফেজ মুহাম্মদ সাকিব নামে এক ওমান প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল কায়েস (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের আগের দিন দেশে ফেরেন হাফেজ মুহাম্মদ সাকিব। বুধবার সকালে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীতে ঘুরতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাকিব।
নিহত হাফেজ মুহাম্মদ সাকিব (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের মনার বাড়ির মুহাম্মদ রফিকের মেজ ছেলে। অপর আহত আব্দুল্লাহ আল কায়েস (২০) ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের ভূঁইয়াপাড়া এলাকার প্রবাসী মুহাম্মদ ইউসুফের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ বলেন, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”



