হেয়াঁকো বাজারের একটি ডায়গনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামে আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো পল্লী ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার ইউনিয়নের ২ নং ওয়ার্ড মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার পুত্র। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাশেদুল আনোয়ার ইউনিয়ন বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক ও পল্লী ডায়গনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী পল্লী ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, ‘সকালে অফিস খুলে দেখি রুমটি ভিতর থেকে তালাবদ্ধ অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে লোকজন এসে তালা ভেঙ্গে দুজনকে উদ্ধার করে।’
ঘটনার সতত্যা নিশ্চিত করে হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী বলেন, ‘সকাল ১০ টার দিকে দু’জনকে নিয়ে আসে। তাদের মধ্যে রাশেদকে মৃত অবস্থায় পাই। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, রাতে দুই বন্ধু একটি ডায়গনস্টিক সেন্টারে ঘুমায়। সকালে তালাবদ্ধ কক্ষ থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে একজন মারা যান। আমরা খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করেছি। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



