হারুয়ালছড়িতে ইটভাটার জন্য মাটি নিতে খনন করা গর্তে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব-ফটিকছড়ি গ্রামের করিম বাপের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো ওই বাড়ির হাবিবুর রহমানের কন্যা সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের কন্যা সানজিদা আকতার (৮)। তারা দু’জনই ভুজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরসকালে দুই শিশু মাদ্রাসায় যায়। ফেরার পথে খেলতে গিয়ে গভীর ওই গর্তে তারা অসাবধনাতায় পড়ে গেলে কয়েকজন পথচারী দেখেন। হাউমাউ করে চিৎকারের পর পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিলে তারা তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষ করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ; অপরিকল্পিতভাবে ইটভাটার মাটি খননে করা গর্তগুলোই মূলত এই দুই শিশুর মৃত্যুর কারণ। ইটভাটা মালিকেরা যে যার মতো করে মাটি খননের জন্য কোনো আইনকেই তারা তোয়াক্কা করেন না। তাদের দাবী; এই দুই শিশুর মৃত্যুর দায় কে নেবে? এ দায় রাষ্ট্র কখনো এড়াতে পারেন না।
সরেজমিনে দুই শিশুর পরিবারে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। মা-বাবাদ ও স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বুক চাপড়ে বিলাপ করছেন সন্তান হারানো মা-বাবারা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি প্রার্থনা করেছেন। এছাড়া তারা কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে এখনো অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



