সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্দাপুর এলাকায় টানা চল্লিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করে ৭ কিশোর বাইসাইকেল উপহার পেয়েছে।
গত শুক্রবার হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৭ জনসহ মোট ৩৭ জন কিশোরের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
জানা গেছে, এলাকার তরুণ সমাজকে দ্বীন ইসলামের প্রতি আগ্রহী করে তোলা এবং অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এলাকার সাতটি মসজিদের মোট ৩৭ জন কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৭ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৪ জনকে ফুটবল, ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। এছাড়া বাকি ১৬ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫০০ টাকা করে প্রদান করা হয়। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা বাহাদুর, কামাল পাশা মিঠু, প্রবাসী মোহাম্মদ মুসা, মাওলানা নুরুদ্দিন, কামরুল হাসান বাপ্পু, মাওলানা শহিদুল্লাহ, মো. হারুন, ইঞ্জিনিয়ার শমসু, শিক্ষক পিয়ারুল, জসিম, মাওলানা হাকিম, মাওলানা লোকমান, রিয়াদ, ফাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



