২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। মেলায় সাধারণ মানুষ ভূমি–সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার(১৯ মে) সকালে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চ্যুয়ালি দেশব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে তিনি বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি–সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে ভূমি–সংক্রান্ত দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। এতে জনগণের সময় ও খরচ সাশ্রয় হচ্ছে এবং ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া এবং সদর তহসিল কর্মকর্তা শাহজাহান সিরাজী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির ফরহাদ হোসেন।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও আধুনিক ভূমিসেবা পৌঁছে দিতেই এ আয়োজন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?