চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের অন্যতম আধার হালদা নদী থেকে আবারও একটি মৃত গাঙ্গেয় ডলফিন (শুশুক) উদ্ধার করা হয়েছে। এ নিয়ে হালদা নদীতে মৃত ডলফিন উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ৪৯-এ।
মঙ্গলবার স্থানীয়দের সহযোগিতায় রাউজানের সিপাহির ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী শুশুক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মোট দৈর্ঘ্য ছিল ২৩৯ সেন্টিমিটার (প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি) এবং আনুমানিক ওজন প্রায় ৯১ কেজি।

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় ৫ থেকে ৬ দিন পর ডলফিনটির মৃতদেহ পানিতে ভেসে ওঠে। মৃতদেহে উন্নত পর্যায়ের পচন, তীব্র দুর্গন্ধ এবং মুখ, পেট ও লেজের অংশে ব্যাপক ক্ষয় লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্র জানায়, ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মো. মনজুরুল কিবরিয়া-র নির্দেশনায় পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার এবং আইডিএফের নুরুল হাকিম মৃত ডলফিনটির সুরতহাল সম্পন্ন করেন।

পরে ডলফিনটিকে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যৎ গবেষণার জন্য এর দাঁত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, হালদা নদীতে একের পর এক ডলফিন মৃত্যুর ঘটনা নদীর পরিবেশগত ভারসাম্য ও জলজ প্রাণবৈচিত্র্যের জন্য উদ্বেগজনক সংকেত।



