২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্সআপ

জেলা মাতালো ফটিকছড়ির ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়

ওবাইদুল আকবর রুবেল

ফটিকছড়ির ফেনুয়ার ক্ষুদে ফুটবলারদের দাপটে জেলায় উড়লো চ্যাম্পিয়নের গৌরবময় পতাকা।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ফটিকছড়ির ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক দল চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একইসঙ্গে বালিকা দলও রানার্সআপ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বৃহস্পতিবার (২১ মে) বন গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল একতরফা আধিপত্য বিস্তার করে বাঁশখালী উপজেলার পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। পুরো ম্যাচজুড়ে ক্ষুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও আক্রমণাত্মক ফুটবল দর্শকদের মুগ্ধ করে।

অন্যদিকে বালিকা দলও চমৎকার পারফরম্যান্স দেখিয়ে জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। ফাইনালে তারা চন্দনাইশ উপজেলার হাছানদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়।

ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, “জেলা পর্যায়ে আমাদের বালক ও বালিকা টিম দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। বালকরা চ্যাম্পিয়ন ও বালিকারা রানার্সআপ হয়ে স্কুল তথা ফটিকছড়ির সুনাম উজ্জ্বল করেছে। এতে আমরা খুব গর্ববোধ করছি। আমাদের টিম সামনেও আরও ভালো করবে বলে আশা করছি।”

উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, “স্কুলটির বালক-বালিকার দু’টি দলই টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখিয়েছে। বালক দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল রাঙামাটির সঙ্গে তাদের বিভাগীয় পর্যায়ে খেলা হবে। বালিকা দলটিও দারুণ চমক দেখিয়ে রানার্সআপ অর্জন করেছে। এটি ফটিকছড়ির জন্য বিশাল অর্জন।”

এ অসাধারণ অর্জনে ফটিকছড়িজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ক্ষুদে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?