সুন্দরপুর আন্তঃওয়ার্ড ফুটবলে শিরোপা জিতল ২ নম্বর ওয়ার্ড একাদশ

ক্রীড়া প্রতিবেদক

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের নাটকীয়তায় ৬ নম্বর ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২ নম্বর ওয়ার্ড একাদশ।

শনিবার (২০ জুন) বিকেলে আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিমপুর স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

ট্রাইব্রেকারে ২ নম্বর ওয়ার্ড একাদশ ৩-১ গোলে ৬ নম্বর ওয়ার্ড একাদশকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। পুরো ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় সায়মন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সেরা গোলরক্ষকের পুরস্কার পান একই দলের আরিফ এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন ২ নম্বর ওয়ার্ডের মো. শুক্কুর।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ বিনোদনের পাশাপাশি খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরপুর ইউনিয়নের এ ধরনের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান এম. শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি সরওয়ার মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইকবাল লাভলু, মাহবুবুল আলম, ক্রীড়া সংগঠক নুরুল আমিন সোহেল, জামাল উদ্দিন, খোরশেদ আলম, সোলতানা রাজিয়া, স্টার ক্লাবের সভাপতি জাহেদ হাসান এবং সৈয়দ কামরুল হাসান।

খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, সুন্দরপুর ইউনিয়নে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?