ফটিকছড়িতে পাহাড় কাটার মামলায় বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড় কাটার মামলায় বিএনপির এক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তি হলেন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপির সহদপ্তর সম্পাদক মামুনুর রশিদ (মামুন)। তিনি ‘পোলট্রি মামুন’ নামেও পরিচিত।

আদালতের পেশকার ইব্রাহিম বলেন, পরিবেশ অধিদপ্তরের করা পাহাড় কাটার মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুনুর রশিদ। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২৬ অক্টোবর দাঁতমারা ইউনিয়নের বালুখালী এলাকার মনাইয়ার দোকানসংলগ্ন স্থানে সরকারি খাসজমির একটি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ রয়েছে। এ সময় মাটি ধসে আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন। পরে গত বছরের ১০ নভেম্বর ভুজপুর থানায় পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়। মামলায় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?