এক রাতেই আটক ৪৫

ফটিকছড়িতে কিশোরদের আড্ডায় পুলিশের হানা

নিজস্ব প্রতিবেদক

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফটিকছড়ি ও ভূজপুর থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তরের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ফটিকছড়ি থানায় ১৬ জন এবং ভূজপুর থানায় ২৯ জন কিশোরকে আটক করা হয়। পরে আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়।  অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব, পড়াশোনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ অভিযান চালানো হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়েছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় অধিকাংশকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই কথা বলেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?