শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল, অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী, রুপম ভট্টাচার্য, টিটু দে, বাবন বিশ্বাস ও শুভ নন্দীসহ সনাতন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেকেই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটাতে এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে সনাতন সংগঠনের পক্ষ থেকে চা বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য এই উপহারের আয়োজন করা হয়েছে। সামান্য এই উপহারও যেন তাঁদের পূজার আনন্দকে বাড়িয়ে তোলে, সেটিই সংগঠনের প্রত্যাশা।
পূজার আগে নতুন পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেন চা শ্রমিকেরা। তাঁরা বলেন, দুর্গাপূজার আগেই সনাতন সংগঠনের পক্ষ থেকে নতুন কাপড় পেয়েছেন। এ জন্য সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সংগঠন সূত্রে জানা গেছে, সনাতন সংগঠন একটি ধর্মীয়, স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।



