ফটিকছড়িতে কোটি টাকার সেতু নির্মাণে ধীরগতি, জনভোগান্তি

ওবাইদুল আকবর রুবেল

ফটিকছড়ির হারুয়ালছড়িতে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কোটি টাকার সেতুর নির্মাণকাজ। দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। ছবি: ফটিকছড়ি প্রতিদিন।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নুর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই দফা মেয়াদ বাড়িয়ে সর্বশেষ গত জুন পর্যন্ত সময় দেওয়া হলেও নির্মাণকাজ অসম্পূর্ণ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের যথাযথ তদারকির অভাবে কাজটি দীর্ঘায়িত হচ্ছে। সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যে গরমিল দেখা দিয়েছে। পিআইওর দাবি, কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। অথচ তাঁর কার্যালয়ের হিসাব অনুযায়ী, তা ৫০ শতাংশ। সরেজমিনে দৃশ্যমান কাজের অগ্রগতি ৫০ থেকে ৬০ শতাংশের মতো।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু ও কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় সেতুটির নির্মাণকাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বি.এল করপোরেশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আজম বুখারী। সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১ কোটি ১৬ লাখ ২০ হাজার ৯২১ টাকা। এর বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা।

দুই দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ না হওয়ায় আরও এক বছর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

অগ্রগতির হিসাবে গরমিল

রোববার সরেজমিনে দেখা যায়, সেতুটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। তবে কাজের অগ্রগতি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাছেরের বক্তব্যের সঙ্গে তাঁর কার্যালয়ের হিসাবের মিল পাওয়া যায়নি।

পিআইও মো. আবু নাছের বলেন, ‘সম্প্রতি ব্রিজের গার্ডার ঢালাই হয়েছে। আমাদের হিসাবমতে ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে।’

অন্যদিকে, পিআইও কার্যালয়ের তথ্য অনুযায়ী, কাজের অগ্রগতি ৫০ শতাংশ। একই কার্যালয়ের দেওয়া তথ্যে এই পার্থক্যের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা পাওয়া যায়নি।

মৌখিক চুক্তিতে ইউপি সদস্যের হাতে নির্মাণকাজ

সেতুটির নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মেসার্স বি.এল করপোরেশনের স্বত্বাধিকারী আজম বুখারী জানিয়েছেন, মৌখিক চুক্তির মাধ্যমে তিনি কাজটি অন্য একজনকে দিয়েছেন। আজম বুখারী বলেন, ‘কাজটি আমি করছি না। আগামী এক মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে।’

সেতুটির নির্মাণকাজ করছেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজম উদ্দিন। তিনি বলেন, ‘দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। আশা করছি, এক মাসের মধ্যে শেষ করতে পারব।’

দুর্ভোগে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা

সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জবিউল হোসেন বলেন, ‘একটি ব্রিজ নির্মাণে এত বছর লেগে যাওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। সময়মতো নির্মাণকাজ শেষ না হওয়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

স্থানীয় স্কুলছাত্রী ছালমা আক্তার বলে, ‘নতুন সেতু নির্মাণের জন্য রাস্তার দুই পাশ কেটে ফেলায় আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। প্রতিদিন অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘অতিবৃষ্টির কারণে সেতুর নির্মাণকাজ শেষ করতে কিছুটা বিঘ্ন ঘটেছে। গত জুনে কাজটি শেষ হওয়ার কথা ছিল। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’

দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সেতুর নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পিআইও ও ঠিকাদারের দাবি, আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হবে। তবে ইউএনওর বক্তব্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। একই প্রকল্পের কাজ শেষের সময়সীমা নিয়ে দুই কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?