ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে ৭৬ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ের সূর্যগিরি আশ্রম। এ ঐতিহ্য ধরে রেখে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উৎসব আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার রাতে পাইন্দংয়ের সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে আশ্রম থেকে ফটিকছড়ি উপজেলার পূজা পরিক্রমারও উদ্বোধন করেন তিনি।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সব সম্প্রদায়ের মানুষের আনন্দের উপলক্ষ। সূর্যগিরি আশ্রমের অসাম্প্রদায়িক চেতনার এ আয়োজন যেন আগামী দিনেও অব্যাহত থাকে। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদকে বিভিন্ন পরামর্শ দেন এবং সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।
লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাইয়ের সার্বিক তত্ত্বাবধানে সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পাইন্দং কেন্দ্রীয় দুর্গা, ত্রিনাথ, বিষ্ণু ও নবগ্রহ মন্দির এবং সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ-২০২৬ যৌথভাবে শারদ বন্দনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী চলে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গীতাপাঠ, একক সংগীত, উপস্থিত বক্তৃতা ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার শিশু-কিশোরসহ শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, মিহির চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন শাহিন, আবু আজম তালুকদার, মাস্টার নুরুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, সাইফুউদ্দিন, রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, লায়ন পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য্য, অর্চ্চনা রাণী আচার্য্য, কৃষ্ণকলি আচার্য্য, বিজয় আচার্য্য, সজীব আচার্য্য, শিবু ভট্টচার্য্য, নয়ন দাশ, সোনারাম আচার্য্য, মো. জালাল উদ্দিন চৌধুরী, সুমন বণিক, মানস চক্রবর্ত্তী, বিপ্লব চৌধুরী, টিটু চৌধুরী, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সর্দার, শিবু চক্রবর্ত্তী ও কুমার রতন আচার্য্যসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, পেশাজীবী, রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ।



