ফটিকছড়িতে যুবদল নেতার উদ্যোগে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া লেলাং–কাঞ্চননগর সংযোগ সড়কের ৩০০ মিটার অংশ সংস্কার করা হয়েছে। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারের উদ্যোগ নেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. নুরউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়ে। এতে চা-শ্রমিক, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে নুরউদ্দিনের উদ্যোগে সড়কের ৩০০ মিটার অংশে ইট ও বালি বিছিয়ে সংস্কার করা হয়।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটি দ্রুত কার্পেটিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে উন্নত করা হোক। তাঁদের মতে, সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হলে ফটিকছড়ি পৌরসভা, লেলাং ও কাঞ্চননগর ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে।

পেনুয়া বিলের কৃষক আহমদ হোসেন বলেন, “সড়কটি নিয়ে আমরা দীর্ঘদিন কষ্ট পেয়েছি। মানুষের দুর্ভোগের সীমা ছিল না। নুরউদ্দিন ভাইয়ের উদ্যোগে অবহেলিত ও ভাঙাচোরা সড়কটি ইট-বালি দিয়ে সংস্কার করা হয়েছে। এতে আমাদের খুব উপকার হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, “সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। অনেক কষ্টে চা-শ্রমিক, কৃষক ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে সবার অনুরোধে যুবদল নেতা নুরউদ্দিন ভাই নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এতে আমাদের দুর্ভোগ কিছুটা কমেছে।”

গাড়িচালক মো. বাদশা বলেন, “বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পাশের কৃষিজমিতে পড়ে গেছে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। সড়কটি সংস্কার করায় এখন মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করছি।”

ব্যবসায়ী ও যুবদল নেতা মো. নুরউদ্দিন বলেন, “এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের সুখ-দুঃখ ও সমস্যা আমার নিজেরও বিষয়। কাঞ্চননগর–লেলাং সংযোগের ফেনুয়া সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দা, কৃষক, চা-শ্রমিক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। মানুষের এই কষ্ট দেখে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

“পাকা সড়কের শেষ অংশ থেকে প্রায় ৩০০ মিটার সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে। গত তিন দিন ধরে কয়েকজন শ্রমিক দিয়ে ভাঙাচোরা অংশে ইট ও বালি বিছিয়ে আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে। এতে স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছি।

“তবে এই সংস্কার সড়কটির স্থায়ী সমাধান নয়। জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কটি দ্রুত পাকা করা প্রয়োজন। এ জন্য এলাকাবাসীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছি। আশা করি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সরকার দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?