‘মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, সাম্যের প্রতীক’—এমপি সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, বরং সাম্য ও ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

তিনি বলেন, মাইজভান্ডার দরবার শরীফ একটি সার্বজনীন দরবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য উন্মুক্ত এ দরবার সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর দুই সন্তান তাঁদের পরিবারের ঐক্যের ঐতিহ্য ধরে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর বেছাল দিবস উপলক্ষে আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সোমবার (২০ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী।

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী বলেন, অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী ও সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারী মানুষের পাশে থাকার যে শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসরণ করেই প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাইজভান্ডার দরবার সারা বছরই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগকে উৎসাহিত করায় সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, অধ্যাপক ইদ্রিস মিয়া, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সহসভাপতি কাজী জানে আলম বাবুল চেয়ারম্যান, মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুলসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অনুষ্ঠানে মাইজভান্ডার শরীফের মানবিকতা, সাম্য ও সম্প্রীতির আদর্শ তুলে ধরা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?