ফটিকছড়িতে শামসুল হুদা(রহ.) বৃত্তি পরীক্ষা

স্মৃতির আলোয় মেধার সন্ধান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের পদচারণা, উৎসবমুখর পরিবেশ আর মেধা যাচাইয়ের প্রত্যাশায় চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষা। উপজেলার প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)-এর শিক্ষা, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ তৌছিফুল হুদা রাকিব, বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মফিজুর রহমান, আহ্বায়ক কে. এম. মহিউদ্দীন, সদস্য সচিব নাঈম উদ্দীন জিসান, পরীক্ষা নিয়ন্ত্রক এমরানুল আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইব্রাহিম খলিল, হল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল নোমান, সার্বিক তত্ত্বাবধায়ক মুহাম্মদ আবু হায়দার আরমান ও সহকারী হল তত্ত্বাবধায়ক সৈয়দ মো. মারুফ হোসেন।

এছাড়া ইউপি সদস্য মুহাম্মদ নাছির, তকিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কাজী মুহাম্মদ বেলাল, নুরুল আলম মুন্না, নূরউদ্দিন খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত জ্ঞানচর্চা ও ভালো ফলাফলের প্রতিও এ উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। পরীক্ষা সফল করতে সহযোগিতাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, অতিথি, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক কমিটি।

উল্লেখ্য, ইমাম শেরে বাংলা (রহ.) ও অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। দুই মনীষীর স্মৃতি, শিক্ষা-দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?