ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ;

চাঁদাবাজি ও আধিপত্যই মূল টার্গেট

এস এম আক্কাছ

গতরাত থেকে রোববার দুপুর পর্যন্ত পরিস্থিতি থমথমে। সুনসান নিরবতা হেঁয়াকো বাজারজুড়ে। উত্তর চট্টগ্রামের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্রটিতে দিন-রাত সমানে চলতো সওদাপাতি। কিন্তু শান্তির পরিবেশ অশান্তিতে রূপ নেয় ২০২৪ এর ৫ আঘষ্ট পরবর্তী সময়ে। বিদ্যমান সময়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় হামলা-পাল্টা হামলায় বেশ বেকায়দায় নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সর্বশেষ শনিবার (৭ নভেম্বর) রাতে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার প্রসিদ্ধ এই বাজারে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তিন নেতাকর্মী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও রাজনীতির সঙ্গে জড়িতদের সাথে কথা বলে জানাগেছে, মূলত সব সমস্যার মূলে দখলদারী আর চাঁদাবাজি। দখল, বালু-মাটি-গাছ-বাঁশ-চোরাই রাবার-পরিবহন সেক্টর আর চোরাই গরু-ইয়াবা-সিগারেট পাচার কাজে নিয়োজিতদের কাছে চাঁদার ভাগ-ভাটোয়ারা নিয়ে। এলাকাটি সব সময় অপরাধপ্রবণ। ফলে সেখানে বিএনপির বিদ্যমান দুইটি গ্রুপ। একটির নেতৃত্ব দেন একসময়ের শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার জামিনপ্রাপ্ত আসামী বিএনপিনেতা নাসির উদ্দিন বিপ্লব। তাঁর সাথে দলের স্থানীয় বেশকিছু নেতাকর্মী সক্রিয়। তিনি আবার বর্তমান সাংসদ সরোয়ার আলমগীরের অনুসারি বলে জনশ্রুতি আছে। 

অন্যটির নেতৃত্ব দেন ভুজপুর থানা যুবদলের সাবেক আহবায়ক নুরুল আমিন আজাদ। তিনি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর সাথে সক্রিয় ঘোষণা কবির নামের এক বিএনপিকর্মীসহ বেশকিছু স্থানীয় নেতাকর্মী। 

স্থানীয়দের অভিযোগ, হেঁয়াকো ট্রাক চালক সমিতি ও মালিক সমিতি নামের দুইটি সংগঠন দীর্ঘদিন ধরে বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। বিষয়টি ওপেন সিক্রেট। স্বাধীনতার পর থেকে এসব গর্হিত কাজ নিয়মিত। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেভাবে সবাই ম্যানেজ হয়। কিন্তু আগষ্ট পরবর্তী বিএনপির দুইটি পক্ষ সক্রিয় হওয়ায় একটি পক্ষকে নিয়মিত চাঁদা আদায়ের অজুহাতে অন্যপক্ষ সেখানে বাধা হয়ে দাঁড়ায়। গত ৬ নভেম্বর স্থানীয় সাংসদ সরোয়ার আলমগীর নয়দোলং নামের একটি গ্রামে জনসভা শেষে ফেরার পথে অপর পক্ষের দুইকর্মীকে একটি কক্ষে গোপনে নাজেহাল ও মারধর করেন। সেই সূত্রের রেশ ধরে শনিবার রাতে সংঘর্ষের ঘটনার উদ্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে নয়টায় হেঁয়াকো সরকার পাড়া এলাকায় ‘ভোজন রসিক’ নামের একটি নিরিবিলি রেঁস্তোরায় যান নাসির উদ্দিন বিপ্লব। তাঁকে লক্ষ্য করে সেখানে দ্রুত ছুটে যান ঘোষণা কবির। গিয়েই বিপ্লবকে লক্ষ্য করে চুরিকাঘাত করেন। এতে বিপ্লব হাতে সামান্য আঘাত পান। এক পর্যায়ে দুই জনের ধস্তাধস্তি শেষে চুরি কেড়ে নিয়ে বিপ্লব পূণরায় ঘোষণা কবিরকে চুরিকাঘাত করেন। এতে ঘোষণা কবিরের পেটের নাঁড়িভুড়ি বেরিয়ে আসে। খবরে ঘোষণা করিবের পক্ষের কর্মীরা ছুটে গিয়ে অদূরে বিপ্লবের ভাগিনা ব্যবসায়ী রনিকেও চুরিকাঘাত করেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

হামলার খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে ভুজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের দুইদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘রাত সোয়া দশটার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত। রাজনৈতিক দুটি পক্ষ সংঘর্ষে জড়িছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ বা মামলা করেন নি। পুলিশি টহল বিদ্যমান রয়েছে।’

ভুজপুর থানা যুবদলের সাবেক আহবায়ক নুরুল আমিন আজাদ বলেন, ‘কিছু সন্ত্রাসী এলাকায় বিশৃংখলা সৃষ্টি করে পরিস্থিতি অশান্ত করতে চাইছেন। তারা দলের কেউ নন। সন্ত্রাসীদের কারণে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি হচ্ছি। বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা হতে পারে না। এতে দলেরই ক্ষতি বেশি।’

বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেন নি। তবে তার কর্মী-সমর্থকেরা মনে করেন, দীর্ঘদিন বিপ্লব হামলা-মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। তিনি দলের স্বার্থেই সব করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?