চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
১০ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠিটি রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের কাছে পৌঁছায় বলে নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, চিঠি জারির তারিখ থেকেই তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে নিযুক্ত। এ পদে দায়িত্ব গ্রহণের জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এর আগে পদটি শূন্য ছিল। নতুন মনোনয়নের ফলে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি পদই পূর্ণ হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি ভুজপুর থানাধীন পূর্ব-সুয়াবিল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান। তাঁর বাবার নাম আবদুল খালেক ও মায়ের নাম সামেনা বেগম। তারা চার ভাই ও তিন বোনের সকলেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
মনোনয়ন প্রসঙ্গে অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি। আমি আমার সব কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার চেষ্টা করেছি। এ দায়িত্ব পাওয়ার পর আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো।’
উল্লেখ্য, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ। এখানে প্রশাসনিক সিদ্ধান্ত, অনুমোদন ও বাতিলসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। সিন্ডিকেটে উপাচার্য, উপউপাচার্য, শিক্ষক প্রতিনিধি, সিনেট প্রতিনিধি, চ্যান্সেলর মনোনীত সদস্য, একাডেমিক কাউন্সিল এবং একজন বিশিষ্ট নাগরিক মিলিয়ে মোট ১৭ জন সদস্য থাকেন।



