২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাঞ্চননগর তেমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

আগুনে পুড়ল ৮ দোকান; আহত-১

নিজস্ব প্রতিবেদক

কাঞ্চননগর তেমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পারভেজ নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে বাজারের উত্তর পাশে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সিগারেটের আগুন থেকে আগুনের উৎপত্তি। দোকানটিতে দাহ্য ও বিস্ফোরক সামগ্রী থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকান, আইয়ুব সওদাগরের মুদির দোকান, আজিজুর রশিদ তালুকদার ফার্মেসি, জাহাঙ্গীর সওদাগরের কসমেটিকস দোকান, বাজার সমিতির অফিস, নেজাম সওদাগরের মিষ্টির দোকান, মিয়া সওদাগরের ও জাহিদ সওদাগরের সবজির দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে, তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?