আজ চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। খবর প্রথম আলো ও বাসস।

সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় জে এম সেন হলের পূজামণ্ডপে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি পূজার আয়োজন ঘুরে দেখবেন এবং পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় আর্থিক সহায়তা দেওয়ারও কর্মসূচি রয়েছে।

এর আগে সকালে রংপুর ও দুপুরে রাজশাহীর পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে একটি জনসভায় অংশ নেওয়ার পর বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জে এম সেন হল পূজামণ্ডপসহ নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?