আজ বিজয়া দশমী, বিদায়ের সুরে শারদ শুভেচ্ছা

ডেস্ক নিউজ

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমী। পাঁচ দিনের উৎসব শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবে দেবী দুর্গা। চারদিকে বাজছে বিদায়ের সুর। একই সঙ্গে আগামী বছর আবার দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেবী দুর্গার আগমন ঘটে। প্রতিবছর শরৎকালে দেবীর আগমনকে কেন্দ্র করে উদ্‌যাপিত হয় শারদীয় দুর্গোৎসব।

বিজয়া দশমীতে সকালে বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা, মিষ্টিমুখ, শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসবের আনন্দঘন আয়োজন।

ধর্মীয় রীতি অনুসারে, ত্রেতাযুগে স্ত্রী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে ভগবান শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকালবোধন ও পূজা করেছিলেন। সেই থেকে শরৎকালের এই পূজা শারদীয় দুর্গাপূজা হিসেবে পরিচিত।

বিজয়া দশমী একদিকে দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনার দিন, অন্যদিকে সম্প্রীতি, শুভকামনা ও নতুন আশার বার্তা ছড়িয়ে দেওয়ার দিন। দেবীর বিদায়ের মধ্য দিয়ে ভক্তদের মনে শুরু হয় আগামী শরতে তাঁর ফিরে আসার প্রতীক্ষা।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি রইল শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?