অনেক দিন ধরে চোখে ঝাপসা দেখেন ষাটোর্ধ্ব নাজিম উদ্দিন। দূরের মুখ চিনতে কষ্ট হয়, কাছের লেখাও স্পষ্ট নয়। সোমবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির ফতেহপুর গ্রাম থেকে তিনি এসেছিলেন মাইজভান্ডার দরবারে। টেবিলের ওপাশে বসা চিকিৎসককে খুলে বললেন নিজের কষ্টের কথা। চিকিৎসক মন দিয়ে শুনলেন, অভয় দিলেন। তাতেই দুই হাত তুলে কৃতজ্ঞতা জানালেন বৃদ্ধ নাজিম।
নাজিমের মতো প্রায় এক হাজার নারী-পুরুষ সেদিন বিনা মূল্যে চিকিৎসা নিয়েছেন ফটিকছড়ির আধ্যাত্মিকতার প্রানকেন্দ্র মাইজভান্ডার দরবারে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই স্বাস্থ্যসেবা। সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজনটি করে আহমদিয়া মঞ্জিল, সহযোগিতায় ছিল চট্টগ্রাম লায়ন্স ক্লাব।

আয়োজক সূত্রে জানা গেছে, ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ৭৯০ জন রোগী সরাসরি চিকিৎসা নেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন চোখের রোগী, ৩৯৪ জন। এ ছাড়া সাধারণ রোগে ১৬৮ জন, নাক-কান-গলার সমস্যায় ৮৮ জন, চর্ম ও অ্যালার্জিতে ৭৪ জন, শিশু ৪৫ জন এবং প্রসূতি ও স্ত্রীরোগে ২১ জন সেবা পান। চোখের রোগীদের মধ্যে ১৬০ জনকে চশমা দেওয়া হয়, ৩০ জনের ছানি অপারেশন করা হয়। এর বাইরে আরও অন্তত দুই শতাধিক মানুষ নানাভাবে সেবা নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি ঘুরে ঘুরে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। পরে বক্তব্যে তিনি বলেন, ‘মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, সাম্যের প্রতীক। এটি যে সর্বজনীন দরবার, তা আবারও প্রমাণিত হলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই দরবার সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক ও জনকল্যাণমূলক কাজে যুক্ত আছে, থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী।
তিনি বলেন, ‘মাইজভান্ডার শরীফের পূর্ব পুরুষেরা মানুষের পাশে থাকার যে শিক্ষা দিয়েছে, সেই আদর্শ মেনেই এবারও এই মানবিক উদ্যোগ। সারা বছরই আমরা নানা জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকি।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘দরবার সব মানুষের মিলনক্ষেত্র। এই আয়োজন তার জ্বলন্ত প্রমাণ। এখানকার সেবার ব্রত মানুষের কাছে পৌঁছে যাক, এটাই আমরা চাই।’

এ সময় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ (বাংলাদেশ)-এর গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সহসভাপতি কাজী জানে আলম বাবুল ও মহাসচিব নাজমুল হাসান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুপুরে সেবা নিয়ে ফেরার পথে কথা হয় মো. আলমগীরের সঙ্গে। তাঁর কথায়, ‘এই সেবায় মানুষ উপকৃত হলো, আবার মাইজভান্ডার মানবিকতা ও সাম্যের আদর্শ হয়ে থাকল। এটা একটা দৃষ্টান্ত।’



