বাংলাদেশের নদী, পরিবেশ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ। ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহারের প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেন বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
১৯৭৫ সালের ২১ এপ্রিল ফারাক্কা বাঁধ চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়াসহ এর ভয়াবহ প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে এর সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়ে মাওলানা ভাসানী জাতিকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে শুরু হয় ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ। যদিও মাওলানা ভাসানী ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, সরকারের পরামর্শে ১৭ মে বিকেলে ভারতীয় সীমান্তসংলগ্ন কানসাটে গিয়ে এই পদযাত্রার সমাপ্তি ঘটে।
ফারাক্কা দিবস বাংলাদেশের পানি অধিকার, নদী রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে আজও ইতিহাসে অম্লান।



