চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, হিংসা নয়, বিদ্বেষ নয়—ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রবারণা পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩১টি বৌদ্ধ বিহারে ১৮ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে বরাদ্দ করা এসব চালের বরাদ্দপত্র অনুষ্ঠানে বিতরণ করা হয়।
সরোয়ার আলমগীর বলেন, ‘কোনো বিরোধ নয়, কারও প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়—আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি গড়ে তুলতে পারব।’ তিনি বলেন, আগামী পাঁচ বছর সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারলে একটি সুন্দর ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য তিনি এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা আবু নাছের। এ সময় বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দ্রন, প্রবিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব ও নান্ঠু বড়ুয়া।



