উত্তর ফটিকছড়ি থেকে অবৈধভাবে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৭ টন রাবার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রাবারবোঝাই একটি কভার ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ছোট বেতুয়া এলাকা থেকে ৯০ বস্তা রাবারসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা দাঁতমারা এলাকার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রামের আমির হোসেন (২৩) ও শহিদুল ইসলাম (২১) এবং ভোলার চরফ্যাশনের মোহাম্মদ সেলিম (৩১)। সেলিম কভার ভ্যানটির চালক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্বরের একটি কভার ভ্যান আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা রাবার পাওয়া যায়। উদ্ধার করা রাবারের পরিমাণ আনুমানিক ৭ টন। এসবের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
স্থানীয়রা জানান, প্রায়ই বাগান থেকে উৎপাদিত রাবার চুরি ও অবৈধভাবে পাচারের অভিযোগ নতুন নয়। এর আগেও এসব এলাকায় রাবার চুরির ঘটনায় অভিযান চালিয়ে রাবার উদ্ধার ও সন্দেহভাজন ব্যক্তিদের আটকের রয়েছে।
তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন বলেন, ‘পাচারের জন্য রাখা রাবারের একটি অবৈধ চালান ধরা পড়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, রাবার পাচারের ঘটনায় জড়িত চক্রের সকল সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।



