১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ‘উত্তর উপজেলা’ গঠন:

হারুয়ালছড়িতে মতবিনিময় ও অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িকে বিভক্ত করে প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠন প্রক্রিয়ায় হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সাধারণ জনগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন স্থানীয়রা। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তার জনপ্রিয়তা ও সততা প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, ফটিকছড়ি একটি বৃহৎ উপজেলা হওয়ায় উত্তরাঞ্চলের ইউনিয়নগুলোর মানুষ অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসনও নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ প্রেক্ষাপটে ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত উপজেলা সদর ভূজপুরে স্থাপিত হলে হারুয়ালছড়িসহ আশপাশের ইউনিয়নের মানুষ সহজেই বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পাবে। বক্তারা আরও জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মো. নাজিমুল করিম। বক্তব্য রাখেন নাজিরহাট কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুল্লাহ, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. আহমদ রহিম, ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী ও মোহাম্মদ আব্দুর রহিমসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মীর মো. ফেরদৌস আলম সেলিম। এতে হারুয়ালছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?