ফটিকছড়িতে নৌকা ডুবিতে শিশু ও এগ্রোফার্মের মালিকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে এনডিএস এগ্রোফার্মের লেকে নৌকাডুবির ঘটনায় তিন বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত এনডিএস এগ্রো লিমিটেডের লেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসে কয়েকজন শিশু ও স্বজন লেকে নৌকাভ্রমণে বের হন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তিন শিশুসহ চারজন পানিতে তলিয়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও নঈম উদ্দিন আজাদের তিন বছর বয়সী কন্যা মুনতাহা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এনডিএস এগ্রো লিমিটেডের মালিক মো. মফিজ উদ্দিন (৪৫) পানিতে নামেন। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালানোর একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মফিজ উদ্দিন উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম হাবিলদার বাড়ির আবুল কাসেমের ছেলে। তিনি এনডিএস এগ্রো লিমিটেডের মালিক ছিলেন।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ডুবুরি দল না থাকায় তারা নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় অনুসন্ধানের পর মুনতাহাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত মুনতাহা ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম উদ্দিন আজাদের কন্যা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?