সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এবার ফটিকছড়ি উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো— নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কেন্দ্রে ৩৯৬ জন, ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে ৭০৮ জন, নানুপুর লায়লা কবির কলেজ কেন্দ্রে ৭৫৬ জন এবং ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৯৬ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ইতিমধ্যে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



