মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সোহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনাম (৪০) ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ি এলাকার মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহারে একটি রেস্টুরেন্টে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী যুবদল নেতা বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনামের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এনাম অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দেশে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান।



