চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার শান্তিরহাট বাজারে অগ্নিকাণ্ডে একটি বেকারির প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের বড়ইতলী সড়কে অবস্থিত শহীদ বেকারিতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও আগুন দ্রুত পুরো বেকারিতে ছড়িয়ে পড়ে। এতে বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বেকারির যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্য পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন বেকারির মালিক।
বেকারির মালিক শহীদ বলেন, দুপুরে কিছু সময়ের জন্য তিনি কারখানার বাইরে ছিলাম। এ সময় একজন কর্মচারী আগুন লাগার খবর দেন। ঘটনাস্থলে ফিরে এসে দেখি, পুরো কারখানা আগুনে পুড়ছে। তিনি বলেন, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ পংকজ কুমার বড়ুয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। উপজেলা সদর থেকে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।



