চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইমন বাগানবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সাইমনের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা সাদেক মিয়াসহ পরিবারের সদস্যরা।
বাগানবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে সাইমনের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় করালিয়া তাকিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাইমনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



