শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
মহাসপ্তমীতে ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার, রামগড় চা-বাগান, দাঁতমারা, নারায়ণহাট ও ভূজপুরসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ‘আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর চট্টগ্রামে আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে।’
সরোয়ার আলমগীর বলেন, ‘আপনারা বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।’
অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিরা।



