ফটিকছড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিস্ফোরক লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চননগর তেমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা-পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে বিস্ফোরক লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াস (৪৪) এবং একই এলাকার মেসার্স আল মারওয়া স্টোরের মালিক আইয়ুব আলী (৭০)।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?