৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খিরাম লম্বাটিলা

চাঁদের গাড়ি -মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ডেক্স নিউজ, ফ.প্র

নিহত- মো. শাকিল উদ্দিন (৪০)। ছবি সংগৃহীত

খিরামে চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৮) নামে আরও একজন গুরুতর আহত হন।

শনিবার সকালে খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাকিল ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের সন্তান। অন্যদিকে, আহত আলাউদ্দিন আনোয়ারা উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা এক মোটর সাইকেলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকৎসাধীন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ বলেন, ‘দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খরব পেয়েছি। তাদের প্রয়োজনীয় আইনগত সেবা দেওয়ার চেষ্টা করছি।’

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সরু সড়কে এসব চাঁদের গাড়ি অতিরিক্ত গতিতে চলাচল করে থাকেন। এদের অধিকাংশ চালকই অদক্ষ হওয়ায় প্রায়ই এরকম সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এভাবে দুর্ঘটনা বাড়তেই থাকবে। এজন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। পরে লাশ উদ্ধার এবং আহতকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতের পরিবারের পক্ষথেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?