নানা কারণে আলোচিত বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) রাজনৈতিক মাঠে সক্রিয়তা দারুণভাবে অভাব দেখা দিয়েছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনটিতে দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী নিজে নির্বাচনে থাকলেও আপাতত তাঁর নির্বাচনী কার্যক্রম দৃশ্যমান নয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর আট দিন বাকি। কিন্তু উপজেলাবাসীর মধ্যে এখনো একতারা’র কোনো প্রভাব পড়েনি। সুন্নি ঘরানার এই দলের নিস্ক্রিয়তায় অনেককেই ভাবিয়ে তুলেছে। জনপ্রিয়তার অভাবে ‘বাজেনা একতারা’ এমনটিই বোঝাতে চেয়েছেন সাধারণ ও ভোটারেরা।
উপজেলার বাসিন্দা কুতুব উদ্দিন মাইজভান্ডারী বলেন, ‘সাবেক ফ্যাসিস্টের আজ্ঞাবহ হওয়ায় দলটি সাধারণের কাছে সমালোচনায় পড়েছে। তাদের কোনো প্রচার না থাকায় লোকসমাগমে ‘একতারা’ নিয়ে কেউ মাথা ঘামায় না। প্রচার-প্রচারণায় সুরও নেই একতারা’র। রাজনৈতিক আলোচনায় এই দলের অস্তিত্ব প্রভাবহীনতা পরিলক্ষিত।’
বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি রাজনৈতিক দল। ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়। তাদের প্রতীক একতারা। দলটি প্রতিষ্ঠা করেছিলেন ফটিকছড়ির আধ্যাত্মিক বনেদি পরিবারের সন্তান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এর আগে ২০১৯ সালের ১১ জানুয়ারি দলটি প্রতিষ্ঠিা লাভ করেছিলেন।আধ্যাত্মিক নগরী খ্যাত ‘মাইজভান্ডার দরবার শরীফ’ ও অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘হেফাজত ইসলামের ঘাটিসহ বেশকিছু কারণে দেশজুড়ে খ্যাতি চট্টগ্রামের বৃহত্তর এই উপজেলার। এছাড়াও এশিয়ার বৃহত্তম রাবার বাগান ও ১৮টি চা বাগান এ উপজেলায়।
নির্বাচন সামনে রেখে আসনটিতে একতারা মার্কার দৃশ্যমান কার্যক্রম চোখে না পড়ায় ইসলামী ঘরানার সুন্নী মতাদর্শের অনেকেই বিষ্মিত। তবে তারা পরিস্থিতি বুঝে শীঘ্রই নাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের মতে, এই আসনে এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি। তারা তাদের নিরাপত্তায় প্রশাসনের পর্যাপ্ত সহযোগীতা দাবী করেন।
সুপ্রিম পার্টির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘আজ বা কালই সুন্নী মতাদর্শের সবাইকে নিয়ে বসবো। কাজ শুরু করেছি। শীঘ্রই মাঠে দেখা হবে। তিনি নিরাপত্তায় পর্যাপ্ত সহযোগীতা দাবী করেন।’প্রসঙ্গত; এখানে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নুরুল আমিন। অন্য ছয় প্রার্থী হলেন গণঅধিকার পরিষদের রবিউল হাসান, ইসলামী আন্দোলনের মো. জুলফিকার আলী মান্নান, জনতার দলের মো. গোলাম নওশের আলী এবং স্বতন্ত্র আহমেদ কবির ও জিন্নাত আকতার।
জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও একতারা’র প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেন, ‘আমাদের শীঘ্রই মাঠে দেখা হবে। সুন্নিয়ত ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে একতারা’র বিকল্প নেই। তিনি সবাইকে একতারা’য় ভোট প্রদানের আহবান জানান।’
এই আসনে ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫১ হাজার ৯৪২ ও নারী দুই লাখ ২৮ হাজার ৮৪১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। পোস্টাল ভোটার সাত হাজার ২৫৫ জন। ভোট কেন্দ্র ১৪০ টি এবং ৯০০টি ভোট কক্ষে ভোটার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



